অক্টোবর ২০, ২০২৫, ০৫:৫৭ পিএম
বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে এই বিস্ফোরণের ঘটনায় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা গেছে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সভায় যোগ দেওয়ার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। সারজিস আলম দুপুর ৩টার দিকে জয়পুরহাটের সমন্বয় সভা শেষে বগুড়ার এই অনুষ্ঠানে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পরিষদের পেছনের করতোয়া নদীর দিক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গণে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত থেকে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা পুরো এলাকা ঘিরে ফেলেন এবং অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে উদ্ধার করেন।
বগুড়া সদর থানার পুলিশ জানিয়েছে, এই ককটেল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এনসিপির নেতারা এই হামলাকে তাদের সভা পণ্ড করার এবং ভয় দেখানোর একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। পুলিশ জানিয়েছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন