অক্টোবর ২০, ২০২৫, ০৬:৪৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “এলাকায় সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবেন। আমরা খোঁজখবর নিচ্ছি জনগণের কাছে কার অবস্থান ভালো।”
সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ী গ্রামে দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের বাড়িতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “আমরা এমন রাজনৈতিক দল নই যে আগে থেকেই একজনের নাম ঠিক করে রাখলাম। আমাদের দলে একই আসনে একাধিক যোগ্য নেতা থাকতে পারে। তাদের মধ্যে যে উপযুক্ত এবং বেস্ট প্রার্থী, তাকেই আমরা বেছে নেব। এই প্রার্থী খোঁজার জন্য তো একটু সময় নিতেই হয়।”তিনি অন্যান্য দলের সমালোচনা করে বলেন, “অনেক দলে একক প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়, এর বাইরে কেউ প্রার্থী হতে পারে না। এটা একটা ফ্যাসিস্ট সিস্টেম।
ওই সব দলে মতপ্রকাশের স্বাধীনতা নেই।”বিএনপি নেতা আরও জানান, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তফসিল ঘোষণার পরই বিএনপি তাদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করবে।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন