অক্টোবর ২২, ২০২৫, ১০:৪৮ পিএম
১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, দেশে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, দীর্ঘ দেড় দশকের নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রামের পথ ধরে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ ছাত্র-জনতার নিঃস্বার্থ আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। তবে সংগ্রাম এখনো শেষ হয়নি।
এখন গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করে একটি সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলসহ দেশের সর্বস্তরের জনগণকে একযোগে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি এই প্রক্রিয়ায় কোনো ধরনের বিভেদ বা আত্মতুষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেন।বুধবার, ২২ অক্টোবর, দুপুরে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন মো. ফারুক রহমান তার বক্তব্যে বলেন, গণআন্দোলনে আওয়ামী স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দিকগুলো উন্মোচিত হয়েছে, সেগুলোকে এখন ধাপে ধাপে সফলভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, জনগণের জানমালের প্রকৃত নিরাপত্তা বিধানের জন্যই রাষ্ট্রীয়ভাবে বহুদলীয় গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক ধারা পুনরায় শুরু করার কোনো বিকল্প নেই।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ন্যাশনাল লেবার পার্টি গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ গণমানুষের একটি দল। গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে পার্টির সকল নেতাকর্মীকে নিরলস, একনিষ্ঠ ও আপসহীন লক্ষ্যে স্থির থাকতে হবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করার জন্য মনেপ্রাণে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন অ্যাডভোকেট মো. জাকির হোসেন, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
, ন্যাশনাল লেবার পার্টির অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কেন্দ্রীয় সদস্য মো. আনিসুর রহমান, মনিরুল ইসলাম খোকন, আক্তারুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শামসুজ্জামান দুদু এবং সভাপতি লায়ন মো. ফারুক রহমানসহ দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন