রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই;শামীম সাঈদী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৯:১০ পিএম

জামায়াতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নেই;শামীম সাঈদী

ছবি - সংগৃহীত

সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সম্পর্ক নেই। তিনি দাবি করেন, জামায়াত নেতাদের কারো পাকিস্তানে কোনো ব্যবসা-বাণিজ্য কিংবা বাড়িঘর নেই, কিন্তু আওয়ামী লীগের নেতাদের ভারতে ব্যবসা-বাণিজ্য ও বাড়িঘর সবই আছে। শুক্রবার (২৪ অক্টোবর) ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতাদের অভিযুক্ত করে শামীম সাঈদী বলেন, ‘তারাই হলো ভারতীয় দালাল।’ তিনি নিজের এবং দলের অবস্থান স্পষ্ট করে আরও বলেন, ‘আমাদের পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। গুলি এলে আমরা বুক পেতে দেব। এ দেশ আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদের কবর হবে।’ তিনি বলেন, ‘এ দেশকে আমরা ভালোবাসি। নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। দেশের মানুষ এ ধরনের দলবাজদের ক্ষমতায় দেখতে চায় না।’

শামীম সাঈদী বলেন, দেশের শিক্ষিত তরুণ সমাজ জেগে উঠেছে এবং দেশের মানুষ আর একক দলকে ক্ষমতায় দেখতে চায় না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশ থেকে কালো মেঘ সরে গেছে; কিন্তু বিপদ কাটেনি।’ আসন্ন নির্বাচনকে ‘ভোট যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ‘আগামীতে যে ভোট যুদ্ধ হবে, তা যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারি; তাহলে আমাদের ওপর কালো মেঘ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকের ছায়া আমাদের ঘর-সংসার ও রাষ্ট্রকে শেষ করে দেবে।’

স্থানীয় উপজেলা জামায়াতের আমিরের সভাপতিত্বে ও পৌর আমিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অ্যাডভোকেট এএসএম কামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান। এ ছাড়াও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ এবং প্রচার সম্পাদক আ. ন.ম. আবদুর রহিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।