রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে না বিদেশে সাবেক স্পিকার শিরীন, যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ১০:১১ এএম

দেশে না বিদেশে সাবেক স্পিকার শিরীন, যা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বর্তমানে কোথায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে তিনি স্বামীসহ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন চলছে। অন্যদিকে, তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলার তদন্ত এক বছরেও শেষ না হওয়ায় অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে বলে জানা গেছে।

এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে টানাপোড়েন চলছে বলেও বিভিন্ন সূত্রে প্রকাশ।শিরীন শারমিনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সাবেক স্পিকারের বিষয়ে তাদের কাছে কোনো অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি বলেন, ‘তবে যতটুকু জানি তিনি ঢাকাতেই তার ভাইয়ের বাসায় স্বামীকে নিয়ে বসবাস করছেন।

তার বিষয়ে (উপর থেকে) নির্দেশনা চাওয়া হয়েছে।’ ওই কর্মকর্তা আরও যোগ করেন, ‘আবার কেউ কেউ বলছেন, পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখনো তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশ পাইনি।’ মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানান, বিষয়টি নীতিনির্ধারক পর্যায়ের এবং উপর থেকে নির্দেশনা বা আদালতের কোনো পরোয়ানা পেলেই তারা ব্যবস্থা নেবেন।

সরকারের দুটি গোয়েন্দা সংস্থা ও একটি তদন্ত সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেও ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন, শিরীন শারমিন ঢাকার একটি সুরক্ষিত এলাকায় তার ভাইয়ের বাসায় স্বামী ও ছোট ছেলেকে নিয়ে বসবাস করছেন। তবে সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই বলেও জানান তিনি। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে শিরীন শারমিন রাজধানীর খিলক্ষেত এলাকায় অবস্থান করছিলেন এবং তখন তাকে একবার গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও পরে অজ্ঞাত কারণে তা স্থগিত করা হয়।

এরপরই তিনি নিজের অবস্থান পরিবর্তন করেন। প্রায় ছয় মাস আগে তিনি রাজধানীর একটি অত্যন্ত সুরক্ষিত স্থানে নিকটাত্মীয়ের বাসায় চলে যান।

আত্মগোপনে থাকা অবস্থাতেই শিরীন শারমিন নতুন সাধারণ ই-পাসপোর্টের জন্য আবেদন করে আঙুলের ছাপ এবং চোখের আইরিস দিয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট ও ইমিগ্রেশন শাখা নিশ্চিত হয়েছে। জানা গেছে, ওই কাজে তাকে পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তা সহযোগিতা করেন। তিনি পাসপোর্টের আবেদনে ধানমন্ডির যে ঠিকানা ব্যবহার করেছিলেন, সেখানেও তিনি বর্তমানে অবস্থান করছেন না বলে সরকারের গোয়েন্দা সূত্র জানিয়েছে। সব মিলিয়ে সাবেক এই প্রভাবশালী স্পিকারের বর্তমান অবস্থান নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।