অক্টোবর ৩১, ২০২৫, ০৮:০৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা সংস্কারের পক্ষে থাকবে, তাদের সঙ্গে হৃদ্যতা বাড়বে, আর যারা সংস্কারের বিপক্ষে থাকবে, তাদের সঙ্গে দূরত্ব বাড়বে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ তা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর (থেকে) বাংলাদেশ আওয়ামী লীগবিহীন রয়েছে। তাদের সঙ্গে (ভবিষ্যতে) সমঝোতার প্রশ্নই অবান্তর।’
তবে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির কোনো দূরত্ব তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি 'না' সূচক জবাব দেন। অর্থাৎ, দল দুটির সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়নি বলে জানান তিনি।হাসনাত আবদুল্লাহ বর্তমানে বরিশাল বিভাগে তিন দিনের এক সাংগঠনিক সফরে রয়েছেন। সফরের প্রথম দিনেই তিনি পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় অংশ নেন।
সভায় এনসিপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করার কৌশল ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা এবং পিরোজপুর জেলা কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়এই সমন্বয় সভায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবুসাঈদ মুসা এবং জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন