মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

ধানের শীষে ভোট চেয়ে বগুড়ায় লিফলেট বিতরণ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৮:২৩ পিএম

ধানের শীষে ভোট চেয়ে বগুড়ায় লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বগুড়ায় নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকায় বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মনোনীত করেছে।এই ঘোষণার পর থেকেই বগুড়ার স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। প্রার্থী ঘোষণার পরপরই সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় দলের নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল ও উচ্ছ্বাস প্রকাশ করেন। রাতেই তারা ধানের শীষের পক্ষে একটি মিছিল বের করেন, যা দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রেজাউল করিম বাদশা এই মনোনয়নকে বগুড়াবাসীর জন্য খুশির সংবাদ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এ খবর পাওয়ার পরপরই তারেক রহমানকে টেলিফোন করে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি (তারেক রহমান) দোয়া ও ভোট প্রার্থনা করেছেন। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে। আমরা আশা করছি, বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন।’

এদিকে, মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে আনুষ্ঠানিক গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।তিনি বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।এ সময় আলী আজগর তালুকদার হেনা বলেন, ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। বগুড়া সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।’

গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান রাজা, যুবদল নেতা মোসলেম উদ্দিন, সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রিমনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।