নভেম্বর ৪, ২০২৫, ১০:২০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার পর দলটির শীর্ষ নেতৃত্ব নিয়ে একটি বড় প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়ে উঠেছে— নির্বাচনে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী?দলটির ঘোষণা অনুযায়ী, শারীরিকভাবে অসুস্থ ও চিকিৎসাধীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন (বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১) থেকে লড়বেন।
অন্যদিকে, গত কয়েক বছর ধরে লন্ডন থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনাকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দেবেন এবং জিতলে কে সরকারপ্রধান হবেন, তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।
নেতৃত্বের প্রশ্ন:
বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তারেক রহমান কবে দেশে ফিরবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। যদিও সম্প্রতি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হিসেবে রাখা দলটির একটি ‘নির্বাচনী কৌশল’। তাদের ধারণা, নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে শেষ পর্যন্ত তারেক রহমানই নেতৃত্ব দেবেন।
যা বলছেন বিএনপি নেতারা:
এই ধোঁয়াশার মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দেবেন। নির্বাচনে মাঠে-ময়দানে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। আর বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই আমাদের চিন্তা।’
উল্লেখ্য, ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান ইতোমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, যা তার দেশে ফেরার আইনি পথ খুলে দিয়েছে।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে নির্বাচনে অংশ নিলেও, তারেক রহমান এবারই প্রথম কার্যকরভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন (যদিও ২০০৮ সালের ২২ জানুয়ারির বাতিল হওয়া নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন)। ২০১৮ সালে খালেদা জিয়ার কারাদণ্ডের পর তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান এবং তখন থেকেই লন্ডন থেকে দল পরিচালনা করছেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন