মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১০:৩৪ পিএম

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠকের শুরুতে জামায়াত আমির তার সাম্প্রতিক বিদেশ সফরের নানা দিক নেতাদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে তার সফরের জন্য ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। জামায়াত নেতারা 'জুলাই জাতীয় সনদ'-কে আইনি ভিত্তি দেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের বিষয়ে সরকারের 'গড়িমসি'তে উদ্বেগ প্রকাশ করেন।কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে, কেউ কেউ গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠানের মতো একটি ধারণা পোষণ করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামায়াতের মতে, একই দিনে দুটি অনুষ্ঠিত হলে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে এবং এটি পুরো প্রক্রিয়াকে অনিশ্চয়তায় ফেলবে। কারণ, জাতীয় নির্বাচনে কোনো ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হলে গণভোটও স্থগিত হয়ে যাবে।

এই প্রেক্ষাপটে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের কাছে কয়েকটি জোর দাবি জানিয়েছে:অবিলম্বে 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ' জারি করতে হবে। ২. আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন সম্পন্ন করতে হবে। ৩. ওই গণভোটের ফলাফলের আলোকেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে।

এছাড়াও, জামায়াতের নির্বাহী পরিষদ আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানিয়েছে।