নভেম্বর ৭, ২০২৫, ১২:৫৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তিনি দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন যে, এই পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন—সবকিছুই ব্যর্থ হবে।শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পরিবর্তন না আসে, তাহলে দেশের তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। তিনি অভিযোগ করেন, দেশে এখনও ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে। আর এই কারণেই ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যাচ্ছে না।
তিনি আরও বলেন, শুধু কাঠামো পরিবর্তন করলেই হবে না। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়। নাহিদ ইসলাম উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি হয়েছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এসময় তিনি শিক্ষকদের পাশে থাকার আশ্বাসও দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন