সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে’: প্রিন্স

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ১০:৩৯ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে’: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে। তিনি মনে করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই এই গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের বিকল্প নেই এবং বিএনপি এই আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মিছিলপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য। এর সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে।তিনি উল্লেখ করেন, নভেম্বরের ১১ তারিখ থেকে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার কথা এবং একই সময়ে জামায়াত নেতাদের ‘ঢাকার চেহারা পাল্টে দেওয়া’র হুংকার জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে— তারা নির্বাচন বানচালে যুগপৎ আন্দোলন করছে কিনা।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কয়েকটি জনবিচ্ছিন্ন ও বিতর্কিত দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চায়, যার ফলে পলাতক ফ্যাসিবাদ আবার ফিরে আসার সুযোগ পাবে। তিনি মনে করেন, আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চক্রান্ত হচ্ছে বলে জনমনে ধারণা জন্মেছে এবং এই চক্রান্ত রুখে দিতে হবে।প্রিন্স বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের সিপাহি জনতার বিপ্লব এবং চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা, এক ও অভিন্ন।

তাঁর মতে, দখলদার ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি নিশ্চিত করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহত ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই এই ঐতিহাসিক সংগ্রামগুলোর মূল আকাঙ্ক্ষা ছিল।মরান সালেহ প্রিন্স প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ ও রাজনৈতিক দলের কাছে প্রদত্ত ওয়াদা অনুযায়ী আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি সংস্কার চায় বলেই সরকারের সংস্কার উদ্যোগকে সহযোগিতা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জুলাই জাতীয় সনদের যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে তার আইনানুগ বাস্তবায়নের জন্য আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানান তিনি।বিএনপির এই যুগ্ম মহাসচিব জানান, গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদে বর্ণিত সব বিষয়কে বিএনপি ধারণ করে এবং সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।