শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

‘নতুন বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি’ ডা. শফিকুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ০২:৪৫ পিএম

‘নতুন বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি’ ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারসহ গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বর্তমান সরকারের কার্যকর সদিচ্ছা ও আন্তরিকতা দেখা যাচ্ছে না।

শনিবার সকাল ১১টায় ফরিদপুরের ভাঙ্গা নতুন পৌরসভার বটতলা মোড়ে ১১ দলীয় জোটের লংমার্চের যাত্রাবিরতিকালে তিনি এ মন্তব্য করেন।

জনগণের কাঙ্ক্ষিত সব দাবি আদায়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি চলছে।

ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চের প্রতি আস্থা ও সমর্থনে শত শত উচ্ছ্বসিত জনতা ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। তিনি কর্মসূচি সফল করতে সমবেত জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বটতলা মোড়ের সমাবেশে জামায়াত আমির আরও বলেন, ইতিমধ্যে লংমার্চকে কেন্দ্র করে রাজপথে জনতার ঢল নেমেছে। দখলবাজ ও দুর্নীতিবাজরা যাতে সমাজে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি লংমার্চের সার্বিক সফলতার জন্য উপস্থিত সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।

এর আগে সকাল থেকেই জামায়াতের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক দলীয় শীর্ষ নেতৃত্ব এবং লংমার্চের বহরকে স্বাগত জানাতে ভাঙ্গা এলাকায় জড়ো হন।

লংমার্চের গাড়ি বহরের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ভাঙ্গা থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে দায়িত্ব পালন করেন।

‘চলো চলো লংমার্চে, জনতার অধিকার আদায়ের এক মঞ্চে’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অঞ্চলে ১১ দলীয় জোটের এই দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

কর্মসূচির লক্ষ্য প্রসঙ্গে জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর নায়েবে আমির ডা. এনায়েত হোসেন জানান, সাত দফা দাবি বাস্তবায়নই এই লংমার্চের মূল উদ্দেশ্য। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা, বিদ্যুৎ, গ্যাস ও সারের চলমান সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির রাশ টানা। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন, প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির অবসান ঘটানোর দাবিও রয়েছে এই তালিকায়।