জুন ১৫, ২০২৬, ০৩:০৩ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্থান দিয়েছে ফ্রান্সের বিখ্যাত বিশ্ব সাহিত্য অভিধান দিকসিওনের মোঁদিয়াল দে লিতেরাত্যুর। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফরাসি জ্ঞানকোষ ও অভিধান প্রকাশনা প্রতিষ্ঠান লারুস–এর প্রকাশিত এই তথ্যভাণ্ডারে নজরুলকে বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি হিসেবে তুলে ধরা হয়েছে। ফ্রান্সের এই স্বীকৃতি বিশ্বদরবারে বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদা আরও বৃদ্ধি করল।
বাংলা ভাষার বিদ্রোহী কবি হিসেবেই বিশ্বকোষটিতে তাকে বর্ণনা করা হয়েছে।লারুস–এর তথ্যানুসারে, চুরুলিয়ায় জন্মগ্রহণকারী কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একজন প্রধান কবি। তাকে বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করে সেখানে উল্লেখ করা হয়েছে যে, তার সাহিত্যকর্ম দেশপ্রেম, সামাজিক চেতনা ও মানবিক অনুপ্রেরণায় গভীরভাবে সমৃদ্ধ। বিশ্ব সাহিত্য অভিধানে নজরুলের উল্লেখযোগ্য রচনার উদাহরণ হিসেবে ১৯২২ সালে প্রকাশিত অগ্নিবীণা ও ভাঙার গান কাব্যগ্রন্থের নাম বিশেষভাবে যুক্ত করা হয়েছে।
ফ্রান্সের কাজী নজরুল ইসলাম সেন্টারের উপদেষ্টা গবেষক খোরশেদ আলম পাটোয়ারীর মতে, ইউরোপের দীর্ঘদিনের স্বীকৃত ও আন্তর্জাতিক এই জ্ঞানকোষে কবির অন্তর্ভুক্তি বাংলা সাহিত্যের বৈশ্বিক পরিচিতির একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। এটি কেবল কবির স্বীকৃতি নয়, বরং এটি বাংলা ভাষার ঐতিহ্যকেও বিশ্বব্যাপী নির্দেশ করে।
কাজী নজরুল ইসলাম সেন্টারের সভাপতি কবি সোহেল আহমদ জানিয়েছেন যে, কবি কেবল বাংলাদেশের নন, তিনি বিশ্বমানবতার কবি। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে তার সাহিত্য আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে এবং ফরাসি কমিউনিটির মধ্যে তাকে পরিচিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন