আগস্ট ২১, ২০২৬, ১১:৪৫ পিএম
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী তরুণ বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মক্কা সুইস আল খলিল কোম্পানির উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কার মিসফালায় একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তরুণ এই হাফেজকে উষ্ণ অভ্যর্থনা জানান।বিজয়ী এই তরুণের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা।
সুইস আল খলিল কোম্পানির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অন্যান্য পরিচালক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের এই ধারাবাহিক সাফল্য দেশের জন্য অত্যন্ত গৌরবের।
এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে এবং তরুণ প্রজন্মকে ইসলামিক শিক্ষায় অনুপ্রাণিত করছে।অনুষ্ঠান শেষে বিজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আয়োজকরা। এ সময় তার হাতে নগদ অর্থ, পবিত্র কোরআন ও জায়নামাজসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা তার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া কামনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন