অক্টোবর ৯, ২০২৫, ০৫:৪৯ পিএম
হঠাৎ অতিথি আপ্যায়ন বা শিশুদের টিফিনের জন্য ঝটপট কিছু তৈরি করতে চাইলে চিকেন মিটবলের জুড়ি নেই। বাইরে থেকে না কিনে, খুব অল্প সময়ে এবং সামান্য উপকরণ দিয়েই ঘরে বানিয়ে নেওয়া যায় রেস্টুরেন্টের স্বাদের এই খাবারটি। বড়দের পাশাপাশি ছোটরাও এটি খেতে খুব পছন্দ করে। চলুন, জেনে নেওয়া যাক চিকেন মিটবল তৈরির সহজ রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ, ডিম ১টি, পাউরুটি ২ পিস, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, সাদা ভিনেগার ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৩টি, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ এবং ভাজার জন্য পরিমাণ মতো তেল।
তৈরির পদ্ধতি প্রথমে একটি ব্লেন্ডারে মুরগির মাংসের টুকরো, পাউরুটি, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং সাদা ভিনেগার একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটি মসৃণ কিমা তৈরি করে নিন। এবার একটি পাত্রে এই কিমার মিশ্রণটি নিয়ে তার সঙ্গে লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়া, ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিন। মাখানো মিশ্রণটি ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে বলগুলো বানাতে সুবিধা হবে।
এরপর হাতে সামান্য তেল মেখে মিশ্রণটি থেকে অল্প পরিমাণে নিয়ে ছোট ছোট বলের আকার দিন। একটি প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে মিটবলগুলো ডুবো তেলে ছেড়ে দিন এবং সোনালি বা বাদামি রঙ ধারণ করা পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে একটি কিচেন টিস্যুর ওপর তুলে নিন যাতে অতিরিক্ত তেল ঝরে যায়। এবার আপনার পছন্দের টমেটো সস বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন মিটবল।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন