রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাধীনতা দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৩:১৪ পিএম

স্বাধীনতা দিবসে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা

ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বীর শহীদদের আত্মার শান্তি এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এই উপাসনালয়ে আয়োজিত সভায় দেশের সার্বিক মঙ্গল ও জননিরাপত্তার জন্য প্রার্থনা করা হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এই ধর্মীয় আচার ও প্রার্থনা সভাটি পরিচালিত হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত শ্রী নিখিল চক্রবর্তী। 

এ সময় ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।সভায় উপস্থিত বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান ও শান্তি কামনা করা নাগরিক দায়িত্ব। 

যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মার সদগতি প্রার্থনা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ সময় দেশের বর্তমান উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।অনুষ্ঠানে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার বক্তব্য প্রদান করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। এ ছাড়াও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত এই প্রার্থনা সভায় অংশ নেন।প্রার্থনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং দেশের শান্তি ও সংহতি রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রতি বছরই স্বাধীনতা দিবসের এই দিনে জাতীয় মন্দিরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।