আগস্ট ২০, ২০২৬, ১০:২৬ এএম
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় তিনি এই বিরল গৌরব অর্জন করেন।বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান আরও এক ধাপ উজ্জ্বল হলো।
রাজধানীর একটি মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়েছিলেন। এ বিভাগে প্রতিযোগীদের টানা ১৫ পারা কোরআন হিফজের পাশাপাশি নির্ভুল তিলাওয়াত ও তাজবিদ শৈলীর সূক্ষ্ম বিচার করা হয়। অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করে বিচারকদের সর্বোচ্চ মূল্যায়ন লাভ করেন তিনি।
সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় পাঁচটি পৃথক শাখায় বিশ্বের শীর্ষস্থানীয় হাফেজ ও কারিরা অংশ নেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারকদের সমন্বয়ে গঠিত প্যানেল প্রতিটি স্তরে চুলচেরা বিশ্লেষণ শেষে ফলাফল নির্ধারণ করে।
নিজের অনুভূতি প্রকাশ করে এই তরুণ প্রতিনিধি জানান, বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারা এবং পবিত্র ভূমিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া। আন্তর্জাতিক পরিসরে এমন স্বীকৃতি দেশের হিফজ ও শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে চিহ্নিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন