বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৮:০৭ পিএম

সালমানের সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন সালমান আগা। তার জাদুকরী অপরাজিত সেঞ্চুরি এবং হোসেইন তালাতের দায়িত্বশীল ফিফটিতে ভর করে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ২৯৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে।

জয়ের জন্য সফরকারী শ্রীলঙ্কার সামনে এখন ৩০০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও সুখকর ছিল না। দলীয় ১৪ রানেই ওপেনার সাঈম আইয়ুব (৬) ফিরে যান।

এরপর একে একে ফখর জামান (৩২), মোহাম্মদ রিজওয়ান (৫) এবং বাবর আজম (২৯) আউট হলে ৯৫ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

তবে বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন সালমান আগা ও হোসেইন তালাত। পঞ্চম উইকেট জুটিতে তারা ১২১ বলে ১৩৮ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দলকে বড় স্কোরের ভিত্তি গড়ে দেন।সালমান আগা ১০৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ৮৭ বলের এই ইনিংসে ছিল ৯টি দৃষ্টিনন্দন বাউন্ডারি।

অন্যদিকে হোসেইন তালাত ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। শেষ দিকে মোহাম্মদ নাওয়াজ ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর ৩০০-এর কাছে নিয়ে যান। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মহেশ ঠিকশানা ও আসিথা ফার্নান্ডো একটি করে উইকেট পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তান এই ম্যাচেও আধিপত্য বজায় রাখার ইঙ্গিত দিয়েছে।