বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এমবাপ্পের জোড়া গোল, বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৫০ এএম

এমবাপ্পের জোড়া গোল, বিশ্বকাপের টিকিট পেল ফ্রান্স

ইউক্রেনকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধ ছিল গোলশূন্য এবং কিছুটা ছন্দহীন। তবে বিরতির পর দিদিয়ের দেশঁমের শিষ্যরা জ্বলে ওঠেন এবং ইউক্রেনের জালে এক হালি গোল জড়ান।

এই জয়ের ফলে গত আসরের ফাইনালিস্টরা আবারও বিশ্বমঞ্চে নিজেদের জায়গা পাকা করে নিল।ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি এবং খেলা ছিল বেশ ধীরগতির। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পুরো চিত্র পাল্টে যায়।

ম্যাচের ৫৫ মিনিটে মিখায়েল ওলিস বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স। সেখান থেকে প্যানেনকা শটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এর ঠিক আগে ইউক্রেন একটি পেনাল্টির আবেদন করলেও ভিএআর প্রযুক্তির সহায়তায় রেফারি তা নাকচ করে দেন যা অতিথিদের মনোবলে চিড় ধরায়।ম্যাচের ৭৬ মিনিটে এনগোলো কান্তের বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ওলিস। এর কিছুক্ষণ পর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। জটলার মধ্যে আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে তিনি নিজের ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। ফ্রান্সের জার্সিতে এটি তার ৫৫তম গোল যা তাকে অলিভিয়ের জিরুর দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে মাত্র দুই ধাপ দূরে রেখেছে।

ম্যাচের একদম শেষ মুহূর্তে এমবাপ্পের নিস্বার্থ পাসে হুগো একিতিকে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। লিভারপুলের এই ফরোয়ার্ডের শট ইউক্রেনের গোলরক্ষক ট্রুবিনকে পরাস্ত করে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের একচেটিয়া আধিপত্য এবং তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যে ফ্রান্স প্রমাণ করেছে কেন তারা বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। ইউক্রেনের জন্য এটি হতাশার রাত হলেও ফরাসিরা মেতেছে বিশ্বকাপ নিশ্চিত করার উৎসবে।