সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মুশফিকের শততম টেস্টকে নিয়ে যে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০২:৩৩ পিএম

মুশফিকের শততম টেস্টকে নিয়ে যে পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি

বাংলাদেশের ক্রিকেটে এক নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

দেশের ক্রিকেটের এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে।বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি আগে থেকেই মুশফিকের দখলে ছিল।

এবার সেই রেকর্ডকে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে নিয়ে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই তিনি এই কীর্তি গড়বেন।

যেহেতু এর আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার এই উচ্চতায় পৌঁছাতে পারেননি, তাই মুশফিককে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।বিসিবি সূত্রে জানা গেছে, এই ঐতিহাসিক ক্ষণ উদযাপনের জন্য ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে মুশফিকুর রহিমের পুরো পরিবারকে বিশেষ আমন্ত্রণ জানানো হবে।

মাঠে থাকবে বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে বা বিশেষ কোনো বিরতিতে আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা জানানো হবে। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ মুশফিকের হাতে একটি বিশেষ ক্রেস্ট তুলে দেবে বিসিবি। এছাড়া তার সতীর্থ ক্রিকেটারদের স্বাক্ষর করা একটি ব্যাটও তাকে উপহার হিসেবে দেওয়া হবে। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দেওয়া এই অভিজ্ঞ ক্রিকেটারকে যথাযথ সম্মান জানাতে কোনো কমতি রাখতে চাইছে না বোর্ড।