নভেম্বর ২৩, ২০২৫, ১০:০৫ এএম
রাইজিং স্টারস এশিয়া কাপের এবারের আসরের নকআউট পর্বের লড়াইয়ে দেখা গেল উন্মাদনার পারদ। দুই সেমিফাইনালেই হয়েছে রোমাঞ্চকর লড়াই। প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারের রোমাঞ্চে ভারত ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।
দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে পাকিস্তান শাহিনস। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শিরোপার লড়াইয়ে নামবে এই দুদল।
পাকিস্তান ও বাংলাদেশের লড়াইটি জমজমাট হবে বলেই ধরে নেওয়া যায়। আসরে দুদলই আছে ফর্মের চূড়ান্তে।
পাকিস্তান শাহিনস এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নিয়ে শিরোপার লড়াইয়ে ভালো কিছুর আভাস দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও সেমিফাইনালের নাটকীয় জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে কয়েকগুণ। সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে দেখা না হয়ে ফাইনালে হওয়ায় রোমাঞ্চ যেন কয়েকগুণ বেশি।
দুই দলের স্কোয়াডই অত্যন্ত ভারসাম্যপূর্ণ। বাংলাদেশের স্কোয়াডে আছে যুব বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের সঙ্গে সময়ের সেরা তরুণ তুর্কিরা। আকবর আলীর নেতৃত্বে বেশ ভালো দল নিয়েই আসরে এসেছে বাংলাদেশ। দলে আছেন হাবিবুর রহমান সোহান, রাকিবুল হাসান, জাওয়াদ আবরার ও জিসান আলমের মতো প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। পাকিস্তানও তাদের যুব বিশ্বকাপের খেলোয়াড় এবং সম্ভাবনাময় তরুণদের নিয়েই এসেছে।এবার দেখার পালা, ফাইনালে শেষ হাসি হেসে সম্ভাবনাময় তরুণদের নিয়ে গড়া দলের শিরোপাটা কারা উঁচিয়ে ধরে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন