সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ওমানকে ১৩ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:২১ পিএম

ওমানকে ১৩ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে মূল পর্বের লড়াই থেকে ছিটকে গেলেও স্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজের জার্সিধারীরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আজ বৃহস্পতিবার ১৭-২৪তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ১৩-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দল ওমানকে।

এই জয়ে দলের গোল উৎসবে সবচেয়ে বড় ভূমিকা রাখেন আমিরুল ইসলাম, যিনি একাই হ্যাটট্রিকসহ মোট পাঁচটি গোল করেছেন। এছাড়া রাকিবুল হাসানও ব্যক্তিগতভাবে একটি হ্যাটট্রিক উপহার দেন।

আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজু প্রত্যেকে দুটি করে গোল করেন এবং ওবাদুল হাসান জয় একটি গোল করে দলের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আগামী ৬ ডিসেম্বর ১৭-২০তম স্থান নির্ধারনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ওমানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা আক্রমণাত্মক হকি উপহার দেয়। ম্যাচের তিন ও সাত মিনিটে তিনটি পেনাল্টি কর্নার পেলেও শুরুতে গোল করতে ব্যর্থ হয় তারা। তবে এই সুযোগ হাতছাড়া হওয়ার পর ওমান আর বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। ম্যাচের ১১ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম প্রথম গোলটি করে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন।

এরপর ১৫ মিনিটে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে আমিরুল তার হ্যাটট্রিক পূর্ণ করেন। বিশ্বকাপে এ নিয়ে তিনটি হ্যাটট্রিক করার বিরল কীর্তি দেখালেন এই তরুণ তারকা। তার নৈপুণ্যে বাংলাদেশ ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ১৯ ও ২৫ মিনিটে রাকিবুল হাসান টানা দুটি ফিল্ড গোল করেন। ম্যাচের ৩৩ মিনিটে আবদুল্লাহ বাংলাদেশের পক্ষে ষষ্ঠ গোলটি করেন এবং পরের মিনিটেই নিজের চতুর্থ গোল করেন আমিরুল। ওবায়দুল হাসান জয় ৪০ মিনিটে তার প্রথম এবং দলের অষ্টম গোলটি করেন।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের আক্রমণের ধার ছিল অপ্রতিরোধ্য। ৪৬ মিনিটে রাকিবুল হাসান ফিল্ড গোল করলে বাংলাদেশ ৯-০ গোলে এগিয়ে যায়। ৪৬ মিনিট ২৮ সেকেন্ডে মোহাম্মদ আবদুল্লাহ আরও একটি ফিল্ড গোল করেন। এরপর ম্যাচের ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করেন। ৫৩ মিনিটে আবার আমিরুল ঝলক দেখান, পেনাল্টি কর্নার থেকে নিজের পঞ্চম ও দলের পক্ষে ১২তম গোলটি করেন তিনি।

খেলার একদম শেষ মুহূর্তে ৬০ মিনিটে আরও একটি গোল করেন সাজু। ফলে ১৩-০ গোলের বিশাল ব্যবধানের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। এর আগে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সম্ভাবনাময় পারফরম্যান্স দেখালেও জয় অধরা ছিল বাংলাদেশ জুনিয়র হকি দলের জন্য।