সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:৩০ পিএম

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

তিক্ততার স্বাদ নয়, এবার হাসিমুখেই মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ বল হাতে রেখে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরে এসেছে।

সংক্ষিপ্ত সংস্করণের দ্বিতীয়টিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল বাংলাদেশের সামনে মাত্র ৮১ রানের লক্ষ্য দেয়।বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার কার্যত ধসে পড়ে।

হাবিব ইসলাম পিংকির পেস তোপে পাকিস্তান নির্ধারিত ওভারে ৮০ রানের বেশি করতে পারেনি। পিংকি ১৭ রান খরচ করে একাই ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবং ম্যাচসেরার পুরস্কারও পান।

অধিনায়ক ইমান নাসেরকে আউট করে শুরুটা অতসী মজুমদার করলেও পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়ার মূল কাজটি করেন পিংকি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন উইকেটরক্ষক কমল খান।৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা অবশ্য নড়বড়ে ছিল। দলীয় ৪ রানের মাথায় বিদায় নেন অধিনায়ক অরিত্রী মণ্ডল (২)। একে একে আরও তিন সতীর্থকে ড্রেসিংরুমের পথ ধরতে দেখে ওপেনার সুমাইয়া আক্তার। প্রথম ম্যাচের মতো এবারও ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয় দেখবে কিনা, সেই শঙ্কা জেগেছিল বাংলাদেশের শিবিরে। তবে ওপেনার সুমাইয়া আক্তার সেই শঙ্কা দূর করেন।

দলীয় ৩৬ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে তিনি ফারজানা ইয়াসমিনকে সঙ্গী করে ২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন এবং ম্যাচ বের করে আনেন। ইয়াসমিনের ১০ রানের বিপরীতে সর্বোচ্চ ৩২ রান করেন সুমাইয়া। সুমাইয়া ও ইয়াসমিন দুজনেই দলীয় ৬৩ রানে বিদায় নিলেও, পরে আরও এক উইকেট হারানোর পর সাদিয়া আক্তার ১৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন আলিশা মুক্তিয়ার ও মেমোনা খালিদ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী ৭ ডিসেম্বর, কক্সবাজারেই অনুষ্ঠিত হবে।