রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দলে বড় ধাক্কা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:৪৯ পিএম

রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দলে বড় ধাক্কা

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দল, উভয় দলের রক্ষণভাগেই নেমে এসেছে এক বড় দুঃসংবাদ। গুরুতর চোটে পড়েছেন দুই দলেরই অন্যতম ভরসার নাম ডিফেন্ডার এদার মিলিতাও। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তার বাম পায়ের বাইসেপস ফেমোরিস মাংসপেশিতে ছিঁড়েসঁড়ে যাওয়া চোটের সঙ্গে আক্রান্ত হয়েছে এর কাছের টেন্ডনও।

এই গুরুতর ইনজুরির কারণে সব ঠিক থাকলেও এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাককে অন্তত সাড়ে তিন মাস থেকে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। এর ফলে ২০২৬ সালের এপ্রিল মাসের আগে মিলিতাওয়ের মাঠে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে গেল।

লা লিগায় সেল্তার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের মাঝপথে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি পাল্টা আক্রমণ রুখতে গিয়ে পল দুরানকে থামাতে দৌড় দেন মিলিতাও।

তখনই আচমকা তীব্র যন্ত্রণা অনুভব করে বাম উরু ধরে তিনি মাটিতে বসে পড়েন। মাঠ ছাড়ার সময়ই সবার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে চোটটি খুবই গুরুতর। পরের দিন এমআরআই পরীক্ষার মাধ্যমে সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হয়। চলতি মৌসুমে এটি মিলিতাওয়ের তৃতীয় চোট। এর আগে তিনি ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের অ্যাডাক্টর ইনজুরিতেও পড়েছিলেন। বারবার এই চোটে পড়া রিয়াল মাদ্রিদের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

মিলিতাওয়ের এই ইনজুরির ফলে রিয়াল মাদ্রিদের ছয়জন ডিফেন্ডার এখন চোটের তালিকায় নাম লিখিয়েছেন। এই তালিকায় কারভাহাল, ট্রেন্ট, আলাবা, মেন্ডি, হুইসেনের পর এবার যুক্ত হলেন মিলিতাও। এর অর্থ হলো, স্কোয়াডের প্রায় ৬০ শতাংশ ডিফেন্ডার বর্তমানে ইনজুরিতে ভুগছেন। এই অবস্থায় রুদিগার, আসেনসিও, ক্যারেরাস এবং ফ্রান গার্সিয়াই কেবল ফিট ডিফেন্ডার হিসেবে রয়েছেন। বাধ্য হয়ে কোচিং স্টাফকে এখন ভ্যালভারদেকে ফুল-ব্যাকে, চুয়ামেনিকে সেন্টার-ব্যাকে এবং কামাভিঙ্গাকে আবারও লেফট-ব্যাকে খেলানোর মতো বিকল্প পরিকল্পনা নিয়ে এগোতে হচ্ছে। শুধু ক্লাব নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও এই চোট একটি বড় চিন্তার কারণ।

আসন্ন আন্তর্জাতিক সূচি এবং বিশ্বকাপ প্রস্তুতির পথে মিলিতাও ছিলেন রক্ষণভাগের অন্যতম স্তম্ভ। এত দীর্ঘ সময়ের জন্য তাকে না পাওয়া ব্রাজিলের ডিফেন্স লাইনে বড় পরীক্ষা ফেলবে। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং ঘরোয়া কাপের মতো সব গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এমন সময়ে রক্ষণভাগের অন্যতম ভরসাকে হারানো দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ।