ডিসেম্বর ৯, ২০২৫, ১২:৫৭ পিএম
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি নিলামকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মোট ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটারের মধ্য থেকে বাছাইকৃত ৩৫০ জনের চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এই চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটার।
তবে প্রাথমিকভাবে নাম থাকলেও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গা হয়নি চূড়ান্ত তালিকায়, যা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য কিছুটা হতাশার খবর।
আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর বসবে এই নিলামের আসর।বাংলাদেশের যে সাতজন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন তারা হলেন: মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় খবরটি হলো মোস্তাফিজুর রহমানকে ঘিরে। এবারের নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপি তালিকায় স্থান পেয়েছেন মাত্র চল্লিশজন ক্রিকেটার, যার মধ্যে মোস্তাফিজুর রহমান একজন। অন্যদিকে, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা এবং শরীফুল ইসলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লাখ রুপি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ত্রিশ লাখ রুপি।
বাংলাদেশের সাত ক্রিকেটারের মধ্যে রাকিবুল হাসানের নামটি কিছুটা চমক হিসেবে এসেছে। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এই তরুণ স্পিনার নিয়মিতভাবে বর্তমানে ইমার্জিং দল, এইচপি স্কোয়াড এবং বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলছেন। যদিও এখনো আন্তর্জাতিক অঙ্গনে তাঁর অভিষেক হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে আরও পঁয়ত্রিশ জন ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় অতিরিক্ত যুক্ত করা হয়েছে, যার মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগের মতো তারকারা।
মোট ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে ২৪০ জন ভারতীয় এবং বাকি ১১০ জন বিদেশি। এবারের নিলামে দলগুলো সর্বোচ্চ সাতাত্তর জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বত্রিশটি জায়গা বরাদ্দ রাখা হয়েছে। এবারের নিলামে সবচেয়ে বড় পার্স বা বাজেট নিয়ে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ৬৪ কোটি ৩০ লাখ রুপি বাজেট নিয়ে ছয়জন বিদেশিসহ মোট তেরোটি শূন্যস্থান পূরণ করতে হবে এই ফ্র্যাঞ্চাইজিটিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন