জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১০ পিএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি।
চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়ার কথা ছিল। তবে আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা অজুহাতে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।
এই ঘটনার পর থেকেই প্রশ্ন ওঠে—যে দেশে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেখানে পুরো জাতীয় দলকে পাঠানো কতটা যুক্তিযুক্ত। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, "আমরা আইসিসিকে আমাদের অবস্থান পরিষ্কার করে চিঠি দিয়েছি। দ্রুতই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মোস্তাফিজ ইস্যু এবং বিশ্বকাপ নিয়ে বিসিবির আনুষ্ঠানিক বার্তা দেশবাসীকে জানানো হবে।
শনিবার বিসিবির এক অনলাইন বৈঠকে প্রাথমিকভাবে নমনীয় অবস্থানের কথা ভাবা হলেও, দেশজুড়ে তৈরি হওয়া প্রবল সমালোচনা এবং সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় শেষ পর্যন্ত ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রীড়া মহলের মতে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিসিবির এই সিদ্ধান্ত ভারতের ওপর একটি বড় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে। এখন দেখার বিষয়, বিসিবির এই চিঠির প্রেক্ষিতে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি মেনে নেয় কি না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন