জানুয়ারি ৯, ২০২৬, ১২:১৭ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান ধোঁয়াশা ও অনিশ্চয়তার মাঝে বোর্ডকে সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার রাজধানীর সিটি ক্লাব মাঠে ‘জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তামিমের মতে, বর্তমান পরিস্থিতিতে কোনো সিদ্ধান্তই আবেগের বশে নেওয়া ঠিক হবে না; বরং আগামী এক দশকে বাংলাদেশ ক্রিকেটের ওপর এর কী প্রভাব পড়বে, সেটিই হওয়া উচিত বিবেচ্য বিষয়।
তামিম ইকবাল বলেন, যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থই হতে হবে সর্বাগ্রে। এমন কিছু করা ঠিক হবে না, যা কয়েক বছর পর গিয়ে আমাদের ক্রিকেটকে বড় কোনো সংকটে ফেলবে।
বিশ্বকাপের মতো আসরে অংশগ্রহণ বা বর্জনের মতো সংবেদনশীল বিষয়ে বারবার ভিন্ন ভিন্ন বার্তা দেওয়ার সমালোচনা করেন তিনি। তার মতে, ভেতরে আলোচনা শেষ না করে জনসমক্ষে বারবার ভিন্ন কথা বললে খেলোয়াড় এবং সমর্থকদের মাঝে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়।বোর্ডের স্বায়ত্তশাসন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে তামিম আরও বলেন, "আমরা বিসিবিকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবেই দেখতে চাই।
সরকারের সঙ্গে আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু দিনশেষে বোর্ডের নিজস্ব শক্তিশালী অবস্থান ও সাহসী সিদ্ধান্ত থাকা প্রয়োজন।" তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, আজকের একটি ভুল সিদ্ধান্তের মাশুল আগামী প্রজন্মের ক্রিকেটারদের দিতে হতে পারে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মর্যাদা এবং ভবিষ্যৎ প্রভাব বিবেচনা করে ঠান্ডা মাথায় পা ফেলার আহ্বান জানান এই অভিজ্ঞ ওপেনার।
সবশেষে তামিম প্রত্যাশা ব্যক্ত করেন যে, ক্রিকেট বোর্ড দ্রুতই একটি স্থায়ী ও সুপরিকল্পিত সিদ্ধান্তে পৌঁছাবে। তিনি মনে করেন, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত বা তাৎক্ষণিক চাপকে উপেক্ষা করে একটি টেকসই সমাধান খুঁজে বের করা জরুরি। বিশ্বকাপের মতো বড় আসরকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত কাটিয়ে উঠে খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সে মনোযোগী হওয়ার পরিবেশ তৈরি করার ওপর জোর দেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন