জানুয়ারি ১১, ২০২৬, ০৭:১৩ পিএম
২০২৬ বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র পাঁচ মাস বাকি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে এবারও হট ফেবারিট আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের সেই রোমাঞ্চকর জয়ের পর এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে মরিয়া কোচ লিওনেল স্কালোনি।
ইতোমধ্যে দলের প্রধান তারকাদের নিয়ে একটি প্রাথমিক রূপরেখা সামনে এসেছে যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক গাস্তুন এদুল বর্তমান ফর্ম ও কোচের কৌশল বিশ্লেষণ করে একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছেন। যদিও ইনজুরি বা ফর্মের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে তবে একটি শক্তিশালী কেন্দ্র ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে।
দলের গোলপোস্টের নিচে বরাবরের মতোই বিশ্বস্ত নাম এমি মার্টিনেজ এবং তার ব্যাকআপ হিসেবে থাকছেন জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে অভিজ্ঞ ওতামেন্দি ও ক্রিস্টিয়ান রোমেরোর পাশাপাশি থাকছেন লিসান্দ্রো মার্টিনেজ ও তালিয়াফিকোর মতো নির্ভরযোগ্য যোদ্ধারা।মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার থাকছেন মূল ভরসা হিসেবে। তাদের সাথে তরুণ প্রতিভাবান নিকোলাস পাজ ও জিওভানি লো সেলসোর অন্তর্ভুক্তি দলকে আরও ক্ষুরধার করবে। আক্রমণভাগে ফুটবল জাদুকর লিওনেল মেসির নেতৃত্বে থাকছেন গোলমেশিন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
অ্যানহেল দি মারিয়া অবসর নিলেও নিকোলাস গনসালেস ও থিয়াগো আলমাদার মতো গতিশীল খেলোয়াড়রা থাকছেন স্কালোনির ট্রাম্প কার্ড হিসেবে।আর্জেন্টিনা এবার গ্রুপ জে-তে লড়াই করবে। আসরের প্রথম ম্যাচেই ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মোকাবিলা করবে তারা। এরপরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রিয়া ও জর্ডান। শিরোপা ধরে রাখার এই মিশনে ২১ থেকে ২৬ নম্বর পজিশনের জন্য লড়াইয়ে আছেন ওয়াল্টার বেনিতেস, ভ্যালেন্তিন বার্কো ও হোসে মানুয়েল লোপেসের মতো ফুটবলাররা। ফুটবল বিশ্ব এখন অপেক্ষায় প্রিয় দলের এই চূড়ান্ত লড়াই দেখার জন্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন