জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:১১ পিএম
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ক্রিকেটে এক চরম অস্থিরতা তৈরি হয়েছে। ভারতের মাটিতে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে এবার নিজেদের অংশগ্রহণ নিয়েও বড় প্রশ্ন তুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (১৯ জানুয়ারি) জিও সুপারকে দেওয়া তথ্যে বোর্ডের একাধিক সূত্র নিশ্চিত করেছে।
পাকিস্তান তাদের বিশ্বকাপের সব ধরনের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে এমনকি পাকিস্তান যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেয়, তবে পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একটি বিকল্প পরিকল্পনা তৈরি করতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই মেগা ইভেন্ট। তবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে ‘যৌক্তিক ও বাস্তবসম্মত’ বলে অভিহিত করেছে পিসিবি।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যদি আইসিসি কোনো সন্তোষজনক সমাধান না দেয়, তবে পাকিস্তানও এই বিশ্বকাপে অংশ নেবে না। পিসিবির দাবি, কোনো দেশের ওপর টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য চাপ দেওয়া বা হুমকি দেওয়া আইসিসি-র উচিত নয়। এর আগে পিসিবি প্রস্তাব দিয়েছিল যে, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে পাকিস্তানের ভেন্যুগুলো বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।
এদিকে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নির্ধারিত সূচি পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে, যার প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা। আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের ভেন্যু পরিবর্তনের দাবিও নাকচ করে দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি-কে জানিয়েছে যে, নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই।
তবুও বাংলাদেশ না গেলে র্যাংকিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করা হতে পারে ২১ জানুয়ারির মধ্যে এই সংকটের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বাংলাদেশ যদি সত্যিই ভারতে না যায় এবং পাকিস্তান তাদের সংহতি জানিয়ে সরে দাঁড়ায়, তবে ২০২৬ বিশ্বকাপটি আইসিসি-র জন্য এক বিশাল কূটনৈতিক ও বাণিজ্যিক বিপর্যয়ে পরিণত হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন