সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

মেসির জোড়া গোল, ইন্টার মায়ামির অসাধারণ জয়

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২, ২০২৬, ১১:০৩ এএম

মেসির জোড়া গোল, ইন্টার মায়ামির অসাধারণ জয়

মায়ামির জয়ে মেসি ম্যাজিক

মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। সোমবার ভোরে অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। দলের এই বিশাল জয়ে প্রধান কারিগর ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তিনি একাই করেছেন জোড়া গোল। 

অসাধারণ এই প্রত্যাবর্তনের মাধ্যমে মায়ামি প্রমাণ করল কেন তারা এ মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার।খেলার শুরুতে অবশ্য পরিস্থিতি মায়ামির অনুকূলে ছিল না। ঘরের মাঠে অরল্যান্ডো সিটি ১৮তম মিনিটেই মার্কো পাসালিকের গোলে এগিয়ে যায়। 

এর কিছুক্ষণ পরেই অর্থাৎ ২৪ মিনিটে মার্টিন ওজেডা ব্যবধান দ্বিগুণ করলে বেশ চাপে পড়ে যায় মায়ামি। প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দলকে ম্যাচে ফেরাতে বিরতির পরপরই কৌশলে পরিবর্তন আনেন কোচ হাভিয়ের মাচেরানো।

তার এই পরিবর্তন দ্রুতই কাজে লাগে এবং দলের খেলার ধার বেড়ে যায়।দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৪৯তম মিনিটে মায়ামিকে ম্যাচে ফেরান ২০ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ সিলভেত্তি। বক্সের বাইরে থেকে তার নেওয়া এক দুর্দান্ত শট সরাসরি জালে জড়ালে ব্যবধান ২-১ এ নেমে আসে। এরপরই শুরু হয় আসল মেসি জাদু। ৫৭তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে সমতায় ফেরান মহাতারকা মেসি। 

৮৫তম মিনিটে তালিসকো সেগোভিয়া মায়ামির হয়ে তৃতীয় গোলটি করলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯০তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। আগামী শনিবার ওয়াশিংটনের অডি ফিল্ডে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মায়ামির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।