সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপ প্লে-অফে ৬ জায়গার লড়াইয়ে নামছে ১২ দল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৯:৫২ এএম

বিশ্বকাপ প্লে-অফে ৬ জায়গার লড়াইয়ে নামছে ১২ দল

বিশ্বকাপের চূড়ান্ত লড়াই

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য অংশগ্রহণকারী ৪৮টি দলের মধ্যে ইতোমধ্যে ৪২টি দল চূড়ান্ত হয়ে গেছে। তবে বিশ্বমঞ্চের বাকি থাকা ৬টি টিকিট পাওয়ার জন্য এখনও অপেক্ষায় আছে ১২টি দেশ। প্লে-অফের কঠিন বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে আগামী ৩১ মার্চ রাতে পোল্যান্ড, ইতালি ও তুরস্কের মতো শক্তিশালী দলগুলো মাঠে নামবে। 

ফুটবল ভক্তদের নজর এখন প্লে-অফ ফাইনালের লড়াইয়ের দিকে যেখানে ইউরোপের ৮টি দল এবং অন্যান্য মহাদেশের ৪টি দল শেষ লড়াইয়ে অবতীর্ণ হবে।

ইউরোপীয় অঞ্চল থেকে ইতোমধ্যে ১২টি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করলেও এই অঞ্চলের জন্য আরও ৪টি স্থান বরাদ্দ রয়েছে। প্লে-অফ ফাইনালে ওঠা ৮টি দল এখন এই শেষ চারটি স্থানের জন্য লড়াই করবে। ৩১ মার্চ রাতে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করবে বসনিয়া-হার্জেগোভিনা ও ইতালির মধ্যকার ম্যাচে। 

গত দুটি বিশ্বকাপে জায়গা করতে না পারা ইতালির জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসনিয়ার মাটিতে জয় ছিনিয়ে নিয়ে ইতালি আবারও বিশ্বমঞ্চে ফিরতে পারবে কি না তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ।একই রাতে ইউরোপের অন্য তিনটি পজিশনের জন্য আরও ছয়টি দল মাঠে নামবে। ঘরের মাঠে সুইডেন মুখোমুখি হবে পোল্যান্ডের। অন্যদিকে কসোভোর মাটিতে আতিথ্য গ্রহণ করবে তুরস্ক এবং চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে ডেনমার্ক। 

বড় তারকাদের বিশ্বকাপে দেখা যাবে কি না তা মূলত এই চার ফাইনাল ম্যাচের ওপরই নির্ভর করছে। এছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ৩১ মার্চ রাতে জ্যামাইকা লড়বে কঙ্গোর বিরুদ্ধে এবং ১ এপ্রিল সকালে ইরাক মুখোমুখি হবে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার। এই ১২টি দেশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমেই শেষ পর্যন্ত নির্ধারিত হবে চূড়ান্ত ছয়টি দলের ভাগ্য।