সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বৈভব সূর্যবংশীর নতুন বিশ্ব রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৯:৫৮ এএম

বৈভব সূর্যবংশীর নতুন বিশ্ব রেকর্ড

রেকর্ড গড়া ইনিংসে বৈভব সূর্যবংশী

প্রতিদিনই রেকর্ড বইয়ে নিজের নাম নতুন করে লিখছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়লেন এই তরুণ ব্যাটার। শনিবার (৯ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে তিনি দ্রুততম ১০০টি ছক্কা মারার মাইলফলক স্পর্শ করেছেন।

আইপিএলের ৫২তম ম্যাচে গুজরাট টাইটান্সের দেওয়া ২৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী মাত্র ১৬ বলে ৩৬ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। মোহাম্মদ সিরাজের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে রানের খাতা খোলার মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০টি ছক্কা পূর্ণ করেন তিনি।

এই মাইলফলকে পৌঁছাতে বৈভব খরচ করেছেন মাত্র ৫১৪ বল, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। একই সাথে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও ১০০ ছক্কার রেকর্ড এখন তাঁর দখলে। 

এদিন পাওয়ার প্লেতে ৩টি ছক্কা মারার মাধ্যমে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৩০টি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০২৪ সালে অভিষেক শর্মা ২৯টি ছক্কা মেরে এই রেকর্ডটি নিজের করে রেখেছিলেন।তবে বৈভবের এই অবিস্মরণীয় রেকর্ডের দিনে বড় ব্যবধানে হেরেছে তাঁর দল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে সাই সুদর্শন ও শুবমান গিলের হাফ-সেঞ্চুরিতে ২৩০ রানের পাহাড় গড়ে গুজরাট টাইটান্স।

জবাবে ব্যাট করতে নেমে রশিদ খানের বোলিং তোপে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। আফগান স্পিনার রশিদ খান একাই ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া জেসন হোল্ডার নেন ৩টি উইকেট। রাজস্থান হারলেও ক্রিকেট বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশীর ব্যাটিং তান্ডব ও নতুন এই বিশ্ব রেকর্ড।