শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,
বিশ্বকাপ ২০২৬

ব্রাজিল দলে নেইমারের জায়গা নিয়ে যা বললেন আনচেলত্তি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ১১:১৯ এএম

ব্রাজিল দলে নেইমারের জায়গা নিয়ে যা বললেন আনচেলত্তি

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। ইতোমধ্যে দলটির কোচ কার্লো আনচেলত্তি ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিয়েছেন। তবে বর্তমানে ব্রাজিল শিবিরে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে নেইমারের দলে থাকা না থাকা। দীর্ঘ চোটের পর মাঠে ফিরলেও তাঁর ফিটনেস ও ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠায় কঠোর অবস্থান নিয়েছেন আনচেলত্তি।

আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে ব্রাজিল। সেলেসাওদের কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়ের নাম বা জনপ্রিয়তার ভিত্তিতে নয়, বরং বর্তমান ফিটনেস ও ফর্ম বিবেচনা করেই চূড়ান্ত দল গড়া হবে। নেইমারের নাম প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত দলে জায়গা পেতে হলে তাকে শতভাগ ম্যাচ ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার নিঃসন্দেহে একজন অসাধারণ প্রতিভা এবং ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তাঁর সাম্প্রতিক চোট ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। 

তিনি জানান, শেষ কয়েকটি ম্যাচে নেইমার শারীরিক সক্ষমতার উন্নতি দেখালেও প্রতিটি পজিশনে নিখুঁত বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।ব্রাজিল কোচ আরও জানান, নেইমার সমর্থকদের কাছে যেমন প্রিয়, তেমনি ড্রেসিংরুমেও অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়। তবে দল গঠনের ক্ষেত্রে তিনি আবেগকে প্রাধান্য দিতে নারাজ। কোচের মতে, মাঠের পারফরম্যান্স ও বাস্তব মূল্যায়নই হবে দল নির্বাচনের একমাত্র মাপকাঠি। খেলোয়াড়দের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই বলেও তিনি দাবি করেন।

পরিসংখ্যান বলছে, চোট কাটিয়ে ফেরার পর শেষ কয়েকটি ম্যাচে নেইমারের গতি ও শারীরিক ভাষায় ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। তবে বিশ্বকাপের মতো বড় আসরে খেলার জন্য পর্যাপ্ত ফিটনেস তাঁর আছে কি না, তা নিয়ে নিয়মিত পর্যালোচনা করছে দলের মেডিকেল ও টেকনিক্যাল বিভাগ।

সবশেষে আনচেলত্তি জানান, নেইমারকে দলে রাখা বা না রাখার বিষয়ে বাইরের কোনো চাপ নেই। পুরো প্রক্রিয়াটি পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করা হচ্ছে। ভুল ও ঝুঁকির পরিমাণ সর্বনিম্ন রেখে এমন একটি স্কোয়াড তৈরি করতে চান তিনি, যা হেক্সা জয়ের মিশনে শতভাগ কার্যকর হবে।