জুন ২৪, ২০২৬, ০৫:৫৭ পিএম
বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও চেক প্রজাতন্ত্র। ঐতিহ্যবাহী এসতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭টায় এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মেক্সিকো।
নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল তারা। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের সহ-আয়োজকরা পূর্ণ ৬ পয়েন্ট তুলে নেয়। ফলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে এই ম্যাচটিতে সম্পূর্ণ নির্ভার হয়ে মাঠে নামবে দলটি। শেষ বত্রিশের চূড়ান্ত লড়াইয়ে যাওয়ার আগে এই ম্যাচটি জিতে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেওয়াই হবে তাদের মূল লক্ষ্য।
অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকার আশা এখনও জিইয়ে রেখেছে চেক প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের হার দিয়ে বিশ্বকাপ সফর শুরু করলেও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে ১-১ ব্যবধানে ড্র করে ১ পয়েন্ট অর্জন করে তারা। নকআউট পর্বে জায়গা করে নিতে হলে মেক্সিকোকে হারানোর পাশাপাশি তাদের তাকিয়ে থাকতে হবে দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলাফলের দিকে। এর আগে দুই হাজার সালে একটি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি, যেখানে চেক প্রজাতন্ত্র ২-১ ব্যবধানে মেক্সিকোকে হারিয়েছিল। দীর্ঘ ২৬ বছর পর এবার বিশ্বমঞ্চের মঞ্চে দল দুটি আবার মুখোমুখি হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন