জুন ২৭, ২০২৬, ১২:৩৫ পিএম
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মিশরের সাথে এক-এক গোলে ড্র করে নকআউট পর্বে ওঠার অপেক্ষায় রয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত এই নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআরের সিদ্ধান্তে ইরানের একটি জয়সূচক গোল বাতিল হয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হলে নিশ্চিত জয় হাতছাড়া করে মাঠ ছাড়তে হয় ইরানিদের।
ইরানের নকআউট পর্বে যাওয়ার ভাগ্য এখন পুরোপুরি অন্য দলগুলোর ফলাফলের ওপর ঝুলে রয়েছে।গ্রুপ `জি` থেকে ইতিমধ্যে পাঁচ পয়েন্ট করে নিয়ে বেলজিয়াম ও মিশর শেষ বত্রিশ নিশ্চিত করেছে। তিন ম্যাচে তিনটি ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইরান। ৪৮ দলের নতুন নিয়মে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানকারী দলও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে, যেখানে গোল ব্যবধানে শূন্য নিয়ে ইরান বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে ও স্কটল্যান্ডের ওপরে থাকা ইরানের পরের রাউন্ড নিশ্চিত করতে হলে বাকি তিনটি গ্রুপের অন্তত একটি দলকে তাদের নিচে রাখতে হবে।
রবিবার অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর যেকোনো একটি ফলাফল ইরানের পক্ষে গেলেই তাদের শেষ বত্রিশ নিশ্চিত হবে। ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া হেরে গেলে কিংবা আলজেরিয়া ও অস্ট্রিয়ার ম্যাচে যেকোনো এক দল জয়ী হলে ইরানের পথ সুগম হবে। এছাড়া ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচটি ড্র হলে অথবা ডিআর কঙ্গো আট গোলের কম ব্যবধানে উজবেকিস্তানের কাছে হারলেও ইরান সেরা আটটি তৃতীয় দলের একটি হিসেবে পরবর্তী পর্বে পা রাখবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন