আগস্ট ১, ২০২৬, ০৫:২৭ পিএম
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে নামছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ বিরতির পর মেজর লিগ সকারের ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে তাকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় কলম্বাস ক্রু’র মুখোমুখি হবে তার দল।গত শুক্রবার দলের অনুশীলনে যোগ দিয়েই নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
মিয়ামির কোচ গিয়ের্মো হোয়োস জানিয়েছেন, মেসি কিছুটা দেরিতে দলের সঙ্গে যুক্ত হওয়ায় তার সঙ্গে বিস্তারিত আলোচনা করার সুযোগ মেলেনি। তবে মেসি ও সতীর্থ রদ্রিগো দে পলের ফিরে আসায় পুরো দল উজ্জীবিত রয়েছে। মেসিকে ছাড়াই সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে ইন্টার মিয়ামি। টানা সাত ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।
বর্তমান লিগ টেবিলে শীর্ষস্থানধারীদের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে মিয়ামি। দলের আক্রমণভাগে লুইস সুয়ারেজের দুর্দান্ত ফর্ম দলের শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ বিরতির পর দুই ম্যাচে তিন গোলসহ শেষ তিন ম্যাচে ছয় গোল করেছেন উরুগুইয়ান এই ফরোয়ার্ড।ঘরের মাঠে নতুন এই ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর অভিষেক হওয়ারও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে একাদশ সাজাতে কোচের হাতে এখন একাধিক কার্যকর বিকল্প রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন