সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ রাতে মুখোমুখি বার্সা-পিএসজি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০৭:০১ পিএম

আজ রাতে মুখোমুখি বার্সা-পিএসজি

ছবি - সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মাঠে নামছে একাধিক জায়ান্ট ক্লাব। তবে ফুটবলপ্রেমীদের সব মনোযোগ থাকবে একটি ম্যাচের দিকে: কাতালোনিয়ায় আজ মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে এই হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বার্সেলোনা এই মুহূর্তে দারুণ আত্মবিশ্বাসী। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে তারা লা লিগার শীর্ষে ফিরেছে, সেই সুখস্মৃতি নিয়েই ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আতিথ্য দেবে কাতালানরা। যদিও একটা দুশ্চিন্তা থেকেই যায়, কারণ সাম্প্রতিক রেকর্ড বার্সার অনুকূলে নেই।এখানে একটা জিনিস খেয়াল করার মতো, পিএসজি তাদের সর্বশেষ দুই সফরেই বার্সার মাঠে জয়োৎসব করেছে।

লুই এনরিকের দল তাই আজ হ্যাটট্রিক জয়ের স্বপ্ন দেখছে। তবে বার্সা সমর্থকদের জন্য একটা স্বস্তির খবর হলো, মহাদেশীয় আসরে নিজ মাঠে তাদের টানা তিন হারের নজির নেই। এই মহারণে দলের মিডফিল্ডার পেদ্রি নিজেদের ফেভারিট মানছেন। তিনি পরিষ্কার বলেন, "পিএসজি বিশ্বের অন্যতম সেরা দল, আমরাও সেরা। তা ছাড়া প্রতিশোধ বিষয়টা সব সময় ফুটবলে আছে। আমরাও তেমনটা চাই।"

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট নিয়ে অবশ্য দুই দলেই কম-বেশি দুশ্চিন্তা আছে। পিএসজি এই মিশনে ব্যালন ডি’অর জয়ী উইঙ্গার উসমান দেম্বেলেকে পাচ্ছে না। এছাড়াও দিজেরে দুয়ে, মার্কিনিওসদের সঙ্গে চোটে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ নাম যুক্ত করেছেন খভিচা ভারাতস্কেলিয়া।

তবে চোট নিয়ে দুর্ভাবনা থাকলেও বার্সার জন্য রয়েছে দারুণ সুখবর। তরুণ প্রতিভাবান উইঙ্গার লামিন ইয়ামাল পিএসজিকে আতিথ্য দেওয়ার আগেই মাঠে ফিরছেন। এই খবর নিঃসন্দেহে দলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগাবে। সব মিলিয়ে, আজ রাতে ফুটবলপ্রেমীরা একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই।