অক্টোবর ২, ২০২৫, ১১:৫২ এএম
প্রতি ম্যাচেই গোল করাটা আরালিং হাল্যান্ডের নেশার মতো হয়ে গেছে, চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও সেটা বজায় রাখলেন নরওয়েজীয় এই তারকা। কিন্তু ফুটবল খেলায় কেবল একজন তারকার পারফরম্যান্সেই সব হয় না। তাঁর জোড়া গোলের পরও পয়েন্ট খুইয়েছে ম্যানসিটি। মোনাকোর মাঠে ২-২ গোলের ড্রয়ে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে।
ম্যাচে হাল্যান্ড দারুণ ফিনিশিংয়ে জোড়া গোল করলেও, স্বাগতিকদের সমতায় ফিরিয়েছেন জর্ডান টেজে। এরপর শেষ দিকে পেনাল্টি থেকে ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার।ম্যাচের শুরুতেই ম্যানসিটি এগিয়ে যায়। ১৫তম মিনিটে ইয়োশকো ভার্দিওলের উঁচু করে বাড়ানো বলে দুর্দান্ত গোল করেন হাল্যান্ড। যদিও এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৮তম মিনিটে সমতা ফেরান মোনাকোর টেজে।
এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ফের দলকে এগিয়ে নেন হাল্যান্ড। ৪৪তম মিনিটে তাঁর গোল সিটিজেনদের স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু খেলার শেষ দিকে, ৮৭তম মিনিটে, পেনাল্টি থেকে গোল করে মোনাকোর ডায়ার ১ পয়েন্ট আদায় করে নেন, যা ম্যানসিটির জন্য চরম হতাশার।
বর্তমানে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ম্যানসিটি। অন্যদিকে, ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে রয়েছে মোনাকো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন