অক্টোবর ৪, ২০২৫, ০৬:৩৫ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে না খেলার ইঙ্গিত দিয়েছে টুর্নামেন্টের টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমানের অভিযোগ, বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারানো এবং ক্রিকেট রাজনীতিতে প্রভাব কমে যাওয়ার কারণেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন।
মিজানুর রহমান বিপিএল আয়োজন নিয়েই সংশয় প্রকাশ করে বলেন, "ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কি না সেটাই প্রশ্ন। নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে, যাদের ওপর ভর করে এমন বড় আয়োজন হবে? নামটাই বলুন।"বিসিবি নির্বাচন শেষ হওয়ার পরও নতুন কমিটি কবে গঠিত হবে, তা এখনো ঠিক হয়নি। ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
এর সরাসরি প্রভাব পড়েছে দলটির প্রস্তুতিতে।মিজানুর রহমান আরও জানান, "যেসব খেলোয়াড়কে সাইন করেছিলাম, সেগুলো সব বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।"এই অনিশ্চয়তার কারণে বরিশালের শিরোপাধারী দলের হ্যাটট্রিক স্বপ্নও ধাক্কা খেতে পারে। অন্যদিকে, গত কয়েক আসরে দলের অন্যতম ভরসা ছিলেন তামিম ইকবাল, তবে বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কোনো আলোচনা হয়নি।
টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুব আনামও নির্বাচনে অংশ না নেওয়ায় নতুন কমিটিতে থাকছেন না। ফলে ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট এবং টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ—সবকিছুই এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।বরিশাল কর্ণধারের অভিযোগ, বছরের পর বছর বিনিয়োগ ও পরিশ্রমের পরও ফ্র্যাঞ্চাইজিগুলো প্রাপ্য সম্মান পাচ্ছে না, যা বিপিএলের ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তৈরি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন