অক্টোবর ৬, ২০২৫, ০৪:৩৯ পিএম
নানা নাটকীয়তা, আইনি লড়াই আর উত্তেজনার পর অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে আজ রাতেই নতুন নেতৃত্ব পাবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।
বিসিবির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যা ৬টায় প্রথমে পরিচালক পর্ষদের নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এরপর নবনির্বাচিত পরিচালকরা সন্ধ্যা সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনে ভোট দেবেন। সবশেষে, রাত ৯টার মধ্যে সভাপতিসহ চূড়ান্ত ফল ঘোষণা করার কথা রয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ১৯১ জন হলেও ৪৮টি ক্লাবের ভোট বর্জনের ঘোষণার কারণে কিছুটা উত্তাপ কমেছে। তবে ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী থাকায় সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।ভোট দিতে এসে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার প্রতিক্রিয়ায় বলেন, “আগে কখনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। যা দেখছি, সবই নতুন লাগছে।
রোমাঞ্চ তো থাকবেই।” অন্যদিকে, সাবেক সভাপতি ও অন্যতম সভাপতি প্রার্থী ফারুক আহমেদ নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলে এখন সন্ধ্যা ও রাতের ফলাফলের দিকেই তাকিয়ে আছেন, যা নির্ধারণ করবে আগামী দিনের জন্য বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে কারা আসছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন