বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৫:১০ পিএম

ভোট গণনার সময় যে বার্তা দিলেন তামিম

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষে যখন গণনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনে তিনি ভোট দিয়েছেন বলে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সরাসরি অস্বীকার করেছেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম ইকবাল লেখেন, “অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।” তিনি আরও যোগ করেন, “আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।”

এর আগে গত ১ অক্টোবর ‘নোংরামির প্রতিবাদ’ হিসেবে বিসিবি নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম। সে সময় তিনি বলেছিলেন, “এটা আমাদের একটা প্রতিবাদের উপায় যে, এই নোংরামির অংশ আমরা হতে পারব না।” প্রার্থিতা প্রত্যাহারের পর কাউন্সিলর হিসেবেও ভোটদানে বিরত থেকে তিনি তার প্রতিবাদী অবস্থানই অক্ষুণ্ণ রাখলেন বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

এদিকে, রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর এখন চলছে গণনা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ রাতেই পরিচালক পর্ষদ এবং পরবর্তীতে সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণা করা হবে।