সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিলেটি টানে বললেন ‘উইন করতে পারমু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ১০:৫৫ এএম

সিলেটি টানে বললেন ‘উইন করতে পারমু

ছবি - সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে আগামীকাল হংকংয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের জয় নিয়ে তীব্র আত্মবিশ্বাস প্রকাশ করেছেন লেস্টার সিটির তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মাতৃভাষা সিলেটি টানে তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা উইন করতে পারমু (জিততে পারব)।”

ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার বলেন, “আমাদের ভালো সুযোগ আছে। আমি কোচের সঙ্গে কথা বলেছি, খেলোয়াড়দের সঙ্গেও কথা বলেছি। আমাদের মধ্যে বিশ্বাস আছে। আমাদের প্রতিভা আছে, আমরা কঠোর পরিশ্রম করছি এবং উন্নতি করছি। আমরা এখন জিতে আত্মবিশ্বাসী হতে চাই এবং আমরা জয়ী দল হব।”

দলের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে তার সম্পর্ক চমৎকার উল্লেখ করে হামজা জানান, কোচের সঙ্গে তার অভিজ্ঞতা কাজে লাগানো নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, “কোচ সব বড় সিদ্ধান্ত নেন। কিছু বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল সপ্তাহখানেক ধরে খুব পরিশ্রম করছে। ইনশাআল্লাহ পরিকল্পনা ঠিক আছে।”

গত জুনে সিঙ্গাপুরের কাছে হারের হতাশা ভুলে হংকং ম্যাচকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হামজা। তিনি বলেন, “সিঙ্গাপুর ম্যাচে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে ফুটবল এমনই। হংকং ম্যাচ একটি অন্যরকম চ্যালেঞ্জ এবং আমরা অবশ্যই জিতব বলে বিশ্বাস করি।”আগামীকাল, বৃহস্পতিবার (৯ অক্টোবর), রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।