অক্টোবর ১৩, ২০২৫, ০১:২৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে চলমান সংকটের মধ্যে সাবেক অধিনায়ক তামিম ইকবাল সকল ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণা দিলেও, তিনি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবেন বলে আশাবাদী তার দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি মনে করেন, বরিশাল যদি বিপিএলে অংশ নেয়, তবে তামিমও দলের হয়েই মাঠে নামবেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে মিজানুর রহমান বলেন, “আমি মনে করি না তামিম বিপিএলে খেলবেন না।
তিনি যে ক্রিকেট বয়কটের কথা বলেছেন, সেটা সম্ভবত সাধারণ খেলার (লিগ ক্রিকেট) প্রসঙ্গে। যদি বিপিএল হয়, আমি তাকে খেলার জন্য অনুরোধ করব এবং আমার বিশ্বাস, যদি বরিশাল অংশগ্রহণ করে, তাহলে তামিমও খেলবেন।”উল্লেখ্য, বিসিবির নতুন কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তামিম ইকবালসহ ঢাকার ৪৮টি ক্লাব দেশের সকল ঘরোয়া ক্রিকেট বর্জনের ডাক দিয়েছে, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে, ফরচুন বরিশালের নিজেদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে সংশয়। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, সময়ের স্বল্পতার কারণে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মাত্র পাঁচ দল নিয়ে এবারের আসর আয়োজন করা হবে। বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, এত অল্প সময়ে একটি চ্যাম্পিয়ন দলের পক্ষে প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব। এ কারণে তারা টুর্নামেন্টের সূচি পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ করেছেন।
সব মিলিয়ে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং তাদের অধিনায়ক তামিম ইকবালের অংশগ্রহণ নিয়ে বিপিএলের আসরের আগে এক বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন