সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ক্লাসিকোর আগেই রিয়ালকে খোঁচা ইয়ামালের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ১০:৩৫ পিএম

ক্লাসিকোর আগেই রিয়ালকে খোঁচা ইয়ামালের

ছবি - সংগৃহীত

এল ক্লাসিকো যত ঘনিয়ে আসছে, স্প্যানিশ ফুটবলে উত্তেজনার পারদ ততই বাড়ছে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ক্লাসিকোর মাত্র দুই দিন আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে সরগরম করে তুলেছেন স্প্যানিশ ফুটবল মহল। ইয়ামাল সরাসরি বলেছেন, ‘রিয়াল চুরি করে, আবার অভিযোগও তোলে!’ এই মন্তব্য তিনি করেছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় জেরার্ড পিকের আয়োজিত কিংস লিগের একটি অনুষ্ঠানে।

সেখানে এক প্রশ্নে ইয়ামালকে জিজ্ঞাসা করা হয়, জনপ্রিয় স্ট্রিমার ইবাই ল্লানোসের দল ‘পোরসিনোস’ কি রিয়াল মাদ্রিদের মতো? এর উত্তরে ইয়ামাল হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, তারা চুরি করে, অভিযোগ করে, সব কিছু করে...’। তার এই জবাবে স্ট্রিমার ইবাই অবাক হয়ে পাল্টা জিজ্ঞেস করেন, ‘মানে রিয়াল মাদ্রিদ চুরি করে?’ ইয়ামাল তখন ঠোঁটে হাসি রেখেই বলেন, ‘আচ্ছা, দেখা যাক...’। তার এই দুষ্টু হাসি আর ভঙ্গি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ইয়ামালের খোঁচা এখানেই শেষ হয়নি। তিনি ইবাইকে তাদের আসন্ন কিংস লিগের ম্যাচ নিয়ে খুনসুটি করে বলেন, ‘হারার চিন্তা বেশি কোরো না।’ জবাবে ইবাই মজা করে বলেন, ‘আমাকে মনে হয় বার্নাব্যুতে একটা গোল দিতে হবে।’ ইয়ামাল হাসতে হাসতে রিয়ালকে খোঁচা দিয়ে তার পুরোনো স্মৃতি মনে করিয়ে দেন। তিনি বলেন, ‘আমি তো আগেই দিয়েছি, মনে নেই? শেষবার গিয়েছিলাম, ফল কী হয়েছিল জানো? ০–৪!’ ক্লাসিকোর ঠিক আগে ইয়ামালের এমন মন্তব্যে স্প্যানিশ সামাজিক মাধ্যমে ব্যাপক হইচই পড়ে গেছে। বার্সেলোনা ভক্তরা বলছেন, ‘এটাই বার্সার রক্ত’।

তবে রিয়াল মাদ্রিদের সমর্থকরা সতর্ক করে বলেছেন, এমন অবমাননাকর মন্তব্য ক্লাসিকোর আগে মাদ্রিদকে আরও বেশি অনুপ্রাণিত করবে।মৌসুমের শুরুতে কুঁচকির চোটে ভুগলেও লামিন ইয়ামাল ফিট হয়ে ফিরেই দারুণ ছন্দে রয়েছেন। চলতি লা লিগায় তিনি এখন পর্যন্ত সাত ম্যাচে তিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার পরিসংখ্যানও বেশ নজরকাড়া।

গত মৌসুমে তিনি রিয়ালের জালে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুই পয়েন্ট পিছিয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। তাই আগামী রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিতব্য এই ক্লাসিকোই নির্ধারণ করে দেবে তালিকার শীর্ষে কে উঠবে। ফুটবল বিশ্লেষকরা এখন একটাই প্রশ্ন তুলছেন, ইয়ামাল কি মাঠেও গোল করে তার কথার সার্থকতা প্রমাণ করতে পারবেন, নাকি ‘চুরি করে’ মন্তব্যটিই তার জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে।