অক্টোবর ২৮, ২০২৫, ০৯:৩১ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের হার দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ১৪৯ রানেই থেমে যায় স্বাগতিকদের ইনিংস। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে বাজে ব্যাটিংকে দায়ী করার পাশাপাশি দলের ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীর ওপর সরাসরি হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস।
ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার সুনাম থাকলেও শামীম পাটোয়ারী প্রায়ই বাজে শট খেলে নিজের উইকেট বিলিয়ে দেন। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। দল যখন ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে, তখন ক্রিজে আসেন শামীম। কিন্তু পরিস্থিতি না বুঝেই ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। ৪ বল খেলে মাত্র ১ রান করা শামীমের এমন দায়িত্বজ্ঞানহীন আউটে চরম হতাশ অধিনায়ক লিটন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক শামীমকে নিয়ে সরাসরি বলেন, ‘ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে আমরা খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম যেভাবে ব্যাট করেছে, ওর ব্যাটিংয়ে আমি খুব হতাশ হয়েছি। তাকে এটা নিয়ে ভাবতে হবে। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না। কখনো কখনো দায়িত্ব নিতে হয় এবং সেই দায়িত্ব নিতেই হবে।’লিটনের এই বক্তব্যে স্পষ্ট যে, দলের প্রয়োজনের মুহূর্তে শামীমের বাজে শট নির্বাচন তিনি মেনে নিতে পারেননি।
তবে শুধু শামীমের ব্যাটিং নয়, অধিনায়ক বোলারদের দায়ও দেখছেন। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১০ ওভারে দারুণ ব্যাট করেছে, যদিও উইকেট কিছুটা ধীরগতির ছিল। শুরুতে উইকেট নিতে পারলে প্রতিপক্ষ চাপে থাকতো। বিশেষ করে শেষদিকের ওভারগুলোতে বোলারদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল বলে মনে করেন লিটন। শেষ ৩ ওভারে খরুচে বোলিং না হলে লক্ষ্যটা আরও কম হতে পারতো। তবে তিনি আশাবাদী, পরের ম্যাচে এই ভুলগুলো শুধরে দল ঘুরে দাঁড়াবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন