সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

টানা দুই হারে উইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ১০:২৪ পিএম

টানা দুই হারে উইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নেমেও পারল না বাংলাদেশ। বোলারদের দারুণ প্রত্যাবর্তনের পর ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানতে হয়েছে টাইগারদের। বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৪ রানের এই হারে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হাতছাড়া করল স্বাগতিকরা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ম্যাচের ব্যাটিং ব্যর্থতা যেন এদিনও পিছু ছাড়েনি। দলীয় সংগ্রহ বড় করতে ব্যর্থ হন টপ অর্ডারের ব্যাটাররা। মাঝে তাওহীদ হৃদয় (২২), জাকের আলী অনিক (২১) এবং শেষদিকে তানজিম হাসান সাকিব (অপরাজিত ২৫) কিছুটা চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২১ রান। হাতে ছিল ৩ উইকেট। কিন্তু ক্যারিবীয় স্পিনার আকিল হোসেনের করা শেষ ওভারে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। উল্টো রিশাদ হোসেন (৭) ও নাসুম আহমেদ (০) উইকেট বিলিয়ে দিয়ে আসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। একটা সময় বড় সংগ্রহের পথে থাকলেও শেষদিকে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে দেড়শোর নিচেই আটকে যায় ক্যারিবীয়রা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সেই পুঁজিও টপকাতে পারল না লিটন দাসের দল। টানা দুই হারে সিরিজ খোয়ানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।