রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল

প্রথম শিরোপার খোঁজে ভারত-দক্ষিণ আফ্রিকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৯:৩২ এএম

প্রথম শিরোপার খোঁজে ভারত-দক্ষিণ আফ্রিকা

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ আজ একটি নতুন চ্যাম্পিয়নের সাক্ষী হতে চলেছে। টুর্নামেন্টের সেমিফাইনালে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড বিদায় নেওয়ায়, শিরোপা জয়ের মঞ্চটি প্রস্তুত হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার জন্য। বাংলাদেশ সময় আজ (রোববার) বেলা সাড়ে ৩টায় নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই মহারণে মুখোমুখি হবে দুই দল। ইতিহাস গড়ার এই ম্যাচে উভয় দলই তাদের প্রথম বিশ্বকাপ শিরোপার খোঁজে মাঠে নামবে।

ফাইনালে পৌঁছানোর পথটি কোনো দলের জন্যই সহজ ছিল না। স্বাগতিক ভারত সেমিফাইনালে পৌঁছেছিল ভাগ্যের সহায়তায়, ৭ ম্যাচের মাত্র তিনটি জিতে। কিন্তু শেষ চারের লড়াইয়ে তারা অবিশ্বাস্য পারফরম্যান্স দেখায়; রেকর্ড রান তাড়া করে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে হারমানপ্রীত করের দল। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে ৬৯ ও ৯৭ রানে অলআউট হওয়ার মতো ব্যাটিং বিপর্যয় দেখলেও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নেয়।

এর আগে ভারত ২০০৫ ও ২০১৭ সালে দুবার ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি। আর দক্ষিণ আফ্রিকার মেয়েরা এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে। তবে আজকের ফাইনালে স্বাগতিক ভারত সবদিক দিয়েই কিছুটা এগিয়ে থাকবে। নিজেদের মাঠে প্রায় ৩০ হাজার দর্শকের গর্জন তাদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

সেমিফাইনালে ভারত একটি ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে খেলেছে। তাদের ব্যাটিং অর্ডার আট নম্বর পজিশন পর্যন্ত শক্তিশালী, যা বোলিংয়েও একাধিক বিকল্প বাড়িয়েছে। ভারতের মূল শক্তি তাদের ব্যাটিং। বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার স্মৃতি মান্ধানা ৮ ম্যাচে ৩৮৯ রান করে দুর্দান্ত ফর্মে আছেন। তার সঙ্গী শেফালি ভার্মাও ছন্দে রয়েছেন। এই জুটি পাওয়ার প্লে-তে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। মিডল অর্ডারে আছেন জেমিমাহ রুদ্রিগেজ ও হারমানপ্রীত করের মতো অভিজ্ঞ ব্যাটার। বোলিংয়ে স্পিন বিভাগই মূল ভরসা, যেখানে দীপ্তি শর্মা ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও বেশ শক্তিশালী। অধিনায়ক লরা উলভার্ট ৮ ম্যাচে ৪৭০ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ওপেনার তাজমিন ব্রিটস কাঁধের ইনজুরিতে ভুগলেও ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী। স্লগ ওভারে ঝড় তুলতে পারদর্শী মারিজান ক্যাপ। প্রোটিয়াদের মূল লড়াইটা হবে ভারতের শক্তিশালী স্পিন অ্যাটাকের বিপক্ষে। বোলিংয়ে ক্যাপ (১২ উইকেট) ও আয়বঙ্গা খাকার ওপর নির্ভর করবে দল। ফিল্ডিংয়েও প্রোটিয়ারা দুর্দান্ত, যা ম্যাচে অন্তত ২৫-৩০ রান বাঁচিয়ে দিতে পারে।

কাগজে-কলমে সমানে সমান লড়াইয়ের আভাস মিললেও, ঘরের মাঠের সুবিধা নিয়ে ভারতই ফেভারিট। এখন দেখার বিষয়, মুম্বাইয়ের রাত শেষে সোনালি ট্রফিটি হারমানপ্রীত কর নাকি লরা উলভার্টের হাতে ওঠে।