নভেম্বর ৫, ২০২৫, ০৮:২৯ পিএম
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান মানেই যেন নতুন নতুন চমক। রুপালি পর্দার পাশাপাশি খেলার মাঠেও তার ব্যতিক্রমী উপস্থিতি বরাবরই ভক্তদের নজর কাড়ে। এবার এই জনপ্রিয় তারকা রুপালি জগতের আলো-ঝলমলে ক্যামেরা থেকে দৃষ্টি সরিয়ে আবারও আলোচনায় আসলেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অঙ্গন নিয়ে। শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো এই সুপারস্টার বিপিএলে একটি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা নিয়েছেন।
গেল আসরে তিনি ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে ক্রিকেট অঙ্গনে তৈরি করেছিলেন নতুন এক অধ্যায়, যেখানে ক্রিকেট এবং সিনেমার অনুরাগীরা একসঙ্গে উল্লাসে মেতেছিলেন। যদিও তার প্রথম দল ঢাকা ক্যাপিটালস সেবার শিরোপা জিততে পারেনি, তবে টুর্নামেন্ট জুড়ে মাঠে শাকিব খানের উপস্থিতি পুরো আয়োজনে বাড়তি তারকার ঔজ্জ্বল্য ছড়িয়েছিল।
এবার আরও বড় পরিসরে প্রত্যাবর্তন করছেন শাকিব খান। জানা গেছে, আসন্ন বিপিএলের দ্বাদশ আসরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) নামক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেই সরাসরি যুক্ত রয়েছেন ঢাকাই ছবির এই ‘কিং খান’ নিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ বছরের জন্য ঢাকার এই জনপ্রিয় দলটির মালিকানা শাকিব খানের হাতেই থাকবে বলে জানা গেছে।
নতুন করে দলের মালিকানা নেওয়ার পর শাকিব খান তার নিজস্ব মত প্রকাশ করেছেন। তার ভাষায়, এবার মাঠে নামতে যাওয়া দলটি হবে আরও ‘শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত’। অর্থাৎ বিপিএলের দ্বাদশ আসরে মাঠে নামছে এক নতুন ঢাকার রূপ, যার নেতৃত্বে রয়েছেন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান নিজে।আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ক্রিকেট এবং সিনেমা—এই দুই ভিন্ন জগতের মেলবন্ধনে শাকিব খানের নতুন অধ্যায় দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা এবং ক্রিকেটপ্রেমীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন