নভেম্বর ৬, ২০২৫, ০৬:১০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি সিজনে ফ্র্যাঞ্চাইজির নাম পাল্টে যাওয়া একটি নিয়মিত ঘটনা। তবে এবার বিসিবি ও বিপিএলের গভর্নিং কাউন্সিল কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। এই নতুন নীতির আলোকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এবারের আসরের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের পাঁচ দলের মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজির নাম অপরিবর্তিত থাকছে। দল দুটি হলো— ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করবে রিমার্ক হারলেন, এবং রংপুর রাইডার্সের মালিকানা থাকছে বসুন্ধরা কিংসের হাতে।
অন্যদিকে, এবার চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড, তাদের দলটির নাম হবে চট্টগ্রাম রয়্যালস। নাবিল গ্রুপের পাওয়া রাজশাহীর দলটির নাম স্থির করা হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এছাড়া ‘ক্রিকেট উইথ সামি’র মালিকানায় খেলবে সিলেট টাইটানস।
বিসিবি জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। এই কার্যক্রম শেষে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হওয়ার কথা রয়েছে বিপিএলের দ্বাদশ আসর। গভর্নিং কাউন্সিল আশা করছে, নতুন মালিকদের অধীনে দলগুলোর পারফরম্যান্সে নতুন মাত্রা যোগ হবে। ক্রিকেটপ্রেমীরা এই চলতি আসরেও তারকাখচিত দল এবং জমজমাট একটি প্রতিযোগিতা দেখার অপেক্ষায় রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন