নভেম্বর ৬, ২০২৫, ০৬:৫৩ পিএম
প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে লিড নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে দাপুটে জয়ের পর সেই ছন্দটা চতুর্থ ম্যাচেও ধরে রাখল সফরকারী ভারত। অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে দিয়েছে তারা। আরেকটি দাপুটে জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রইল ভারত। সিরিজ ট্রফি নিজেদের করে নিতে সূর্যকুমার যাদবদের দরকার এখন কেবল আর একটি জয়। তবে শেষ ম্যাচ জিতে সিরিজ ভাগাভাগি করার সুযোগ রয়েছে অজিদের সামনেও।
ভারতের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার মতো দলের জন্য খুব একটা বড় ছিল না। কিন্তু তাদের ব্যাটিং দেখে উল্টোটাই মনে হয়েছে। ব্যাট হাতে বাইশ গজে অজিদের পুরোপুরি ধুঁকতে দেখা গেছে। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দলীয় ৯৮ রানেই অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট নাই হয়ে যায়।
যার ফলে দলের সংগ্রহ বড় হয়নি এবং জয়ের লক্ষ্যটাও ছোঁয়া হয়নি। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে লড়াই করেছেন কেবল দুই ওপেনার মিচেল মার্শ (৩০) ও ম্যাথু শর্ট (২৫)। বাকি ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে। বল হাতে ২০ রানে ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং শিবাম দুবে ও অক্ষর প্যাটেলও দুটি করে উইকেট শিকার করেন।এর আগে কারারা ওভালে টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটের বিনিময়ে ১৬৭ রানের পুঁজি গড়েছিল।
ভারতীয় ইনিংসে ৪ রানের জন্য ফিফটি মিস করেন ওপেনার শুভমান গিল (৪৬)। ২৮ রান আসে অভিষেক শর্মার ব্যাট থেকে। শিবাম দুবে ২২ আর সূর্যকুমার যাদব ২০ রান যোগ করেন দলীয় স্কোরে। শেষদিকে অক্ষর প্যাটেল ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থেকে যান। পরে বল হাতেও দারুণ পারফর্ম্যান্স দেখান তিনি। মাত্র ২০ রান খরচ করে ২ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
-
ভারত: ১৬৭/৮, ২০ ওভার (শুভমান ৪৬, অভিষেক ২৮, শিবাম ২২, অক্ষর ২১*)। বোলার: এলিস ৩/২১ ও জাম্পা ৩/৪৫।
-
অস্ট্রেলিয়া: ১১৯/১০, ১৮.২ ওভার (মার্শ ৩০, শর্ট ২৫, স্টয়নিস ১৭)। বোলার: ওয়াশিংটন ৩/৩, শিবাম ২/২০ ও অক্ষর ২/২০।
-
ফল: ভারত ৪৮ রানে জয়ী।
-
সিরিজ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন